বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, টাস্কফোর্সকে আরও শক্তিশালী করে স্থায়ী কাঠামোয় নেওয়া হচ্ছে। এতে ১১টি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম কাজ করছে। এসব দলে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দুদক, সিআইডি ও এনবিআরের কর্মকর্তারা রয়েছেন।
তিনি বলেন, যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাচার করা অর্থের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে অর্থ ফ্রিজ ও মামলা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর্থিক খাতে কোনো ধরনের প্রভাব বা বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও জানান তিনি।
সভায় গভর্নর জানান, বেসরকারি খাতের উদ্যোক্তাদের জন্য ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরিতে ‘উদ্যোগ’ নামে একটি স্কিম চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা বাছাইয়ের লক্ষ্য নেওয়া হয়েছে।
কৃষি খাতেও অর্থায়ন বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের সুবিধা দিতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং কৃষিপণ্যের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ‘এগ্রি ভ্যালু চেইন’ উন্নয়নে ৩ হাজার কোটি টাকার স্কিম নেওয়া হয়েছে।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ব্যাংকার, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









