ডেঙ্গুর প্রকোপ রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কুষ্টিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
শনিবার (৩ অক্টোবর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র সহজেই ধ্বংস করা সম্ভব।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অভিযানে কুষ্টিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণ অংশ নেন। পৌর এলাকার বাজার, ড্রেন, রেলস্টেশন, জনাকীর্ণ এলাকা, আবাসিক ভবনের চারপাশ ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ ও রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস.এম. রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ ও কনজারভেন্সী ইন্সপেক্টর মো. সাজ্জাদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অভিযানে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









