মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেন। তবে চিকিৎসা দেওয়ার আগেই হনুমানটির মৃত্যু হয়।
পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. তাজুল ইসলাম জানান, হনুমানটির ময়নাতদন্ত লাউয়াছড়া জানকিছড়া রেসকিউ সেন্টারে করা হবে। পরে বন বিভাগের নিয়ম অনুযায়ী সেটিকে মাটিচাপা দেওয়া হবে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় মুখপোড়া হনুমান বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









