‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বেলকুচি পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পৌর এলাকার প্রধান সড়ক, ড্রেন, নালা-নর্দমা ও জনগুরুত্বপূর্ণ স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মী ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা ড্রেনের জমাট পানি নিষ্কাশন ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। পরে মশার বংশবৃদ্ধি রোধে ফগার মেশিনে লার্ভিসাইড ও কীটনাশক স্প্রে করা হয়।
অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করা হয়। আয়োজকেরা বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদ পরিষ্কার রাখতে হবে।
এ সময় বিডিক্লিনের সিরাজগঞ্জ জেলা সহ-সমন্বয়ক মমতাজুর রহমান মুন্না, বেলকুচি উপজেলা সহ-সমন্বয়ক মোছা. হাফিজা খাতুন, এইড বাংলাদেশের মো. আব্দুল মোমিন, এনায়েতপুর থানা বিডিক্লিনের সমন্বয়ক রাজু আহমেদ, উপজেলা বিডিক্লিনের উপদেষ্টা মো. নাজমুল হাসান, বেলকুচি পৌরসভার সিআই মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ ও মশামুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত চালানোর কথা জানিয়েছে আয়োজকেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









