ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, দুঃস্থ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুদান দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) শহরের কাউতলী এলাকার স্বপ্নতরী কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল।
সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বরিশল ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়াকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
স্বপ্নতরীর সহ-সভাপতি এস কে শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রধান নির্বাহী তাহের উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মফিজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে স্বপ্নতরী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল ‘তৌফিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও পরিবারের সম্মাননা, বিশেষ করে রত্নগর্ভা বাবা-মাকে সম্মাননা প্রদান অন্যতম উদ্যোগ হিসেবে থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









