মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ বরাদ্দের কথা জানানো হয়। বরাদ্দের অর্থ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ছাড় করা হবে।
আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দ রাখা ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের টাকা উত্তোলন করবে। এ জন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ছাড় করা অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতের সঙ্গে সমন্বয় করতে হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ উত্তোলন করবেন।
তবে বরাদ্দের এই অর্থ শুধু মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার, সমাহিত ও পরিবহনের কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না।
অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
এ ছাড়া ৩০ জুন ২০২৭-এর পর কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
আদেশে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকেও অনুরোধ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান আদেশটিতে স্বাক্ষর করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









