সিলেটে চালু হচ্ছে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা (ইসিপিএস)। এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন আবেদন জমা দেওয়া এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন নাগরিকেরা। প্রবাসীদের জন্য এতে বিশেষ সেবা যুক্ত করা হচ্ছে। এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘‘ইসিপিএসের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই আবেদন ও এর অগ্রগতি অনুসরণ করতে পারবেন। প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।’’
সোমবার (৫ অক্টোবর) সিলেটে প্রথমবারের মতো বিশ্ব বসতি দিবসের আয়োজন করছে সিউক। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
সিউক সূত্রে জানা গেছে, ৫ ও ৬ অক্টোবর রিকাবীবাজার স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দিবসটির কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম দিন শোভাযাত্রা ও আলোচনা সভার পর দুপুর একটায় ইসিপিএসের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
দুই দিনের আয়োজনে আবাসন ও নগরায়ণ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনী থাকবে। ৬ অক্টোবর বৃক্ষরোপণ, সেমিনার ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।
সিউকের চেয়ারম্যান বলেন, ‘‘সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করছে। পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্মকে যুক্ত করার পাশাপাশি আবাসন খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘সুপরিকল্পিত সিলেট গড়ে তুলতে তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের চিন্তা ও পরিকল্পনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা হচ্ছে। বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরায়ণ ও আবাসন বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোরও চেষ্টা থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









