চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৯টি কনটেইনারের ১৫০ দশমিক ৮৯ মেট্রিক টন বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় নেওয়া হচ্ছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে পুলিশি পাহারায় রাসায়নিকবাহী গাড়িগুলো রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়ে।
কাস্টমস হাউস চট্টগ্রামের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানান, মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী এসব রাসায়নিক পরিবেশবান্ধব ও নিয়মানুগ পদ্ধতিতে ধ্বংস করা হবে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সুপারিশ এবং কাস্টমস হাউস চট্টগ্রামের ধ্বংস কমিটির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি জানান, ৯টি কনটেইনারের একটিতে ২৫ দশমিক ৫৫ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড, একটিতে ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, পাঁচটিতে ৯২ দশমিক ৫৪ মেট্রিক টন মিথানল এবং দুটিতে ৩২ দশমিক ৩০ মেট্রিক টন থিনার রয়েছে।
রাসায়নিক পরিবহনে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিজিবি, বিসিএসআইআর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়নসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দিচ্ছে।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত ও কনটেইনার জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









