রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট এলাকায় পিছিয়ে পড়া ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ৫৪ বিজিবি।
শনিবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (২ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পদাতিক -এর নির্দেশনায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি শিয়ালদহ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে স্থানীয়দের চিকিৎসাসেবা দেন।
মেডিকেল ক্যাম্পে জটিল ও পুরোনো বিভিন্ন রোগে আক্রান্ত মোট ৮০ জন স্থানীয় দরিদ্র ও অসুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৪০ জন শিশু, ২৩ জন পুরুষ ও ১৭ জন নারী ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন সূত্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









