ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে আহত রুমা বেগম (২১) চিকিৎসাধীন রয়েছেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আল আমিনের স্ত্রী।
রুমার অভিযোগ, তার বাবা হানিফ মৃধার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বেগম ১০-১২ জন লোক নিয়ে তাদের বাড়িতে এসে তাকে মারধর করেন। একপর্যায়ে তার হাতে থাকা সোনার আংটি ও গলার চেইন নিয়ে যাওয়া হয়। তিনি জানান, বাবার প্রায় দুই কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।
রুমা বলেন, প্রায় তিন মাস আগে তার বাবা সোনিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সোনিয়া তার বাবার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়।
আহত রুমাকে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
রুমার স্বামী আল আমিন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা পারিবারিকভাবে সমাধান করা উচিত। তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও অনাগত সন্তানের ওপর হামলার বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে সোনিয়া বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









