গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স স্টাইল গার্মেন্টসের আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন স্থানে আটকা পড়া শ্রমিকসহ ৬৯ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফকির মার্কেট-সংলগ্ন মেট্রিক্স স্টাইল গার্মেন্টস ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়।
আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়।
আগুন লাগার পর আতঙ্কে শ্রমিক ও অন্যরা ভবন থেকে বেরিয়ে আসেন। অনেকে ভবনের ওপরের দিকে উঠে ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের বিভিন্ন স্থান ও ছাদ থেকে আটকা পড়াদের উদ্ধার করেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









