পূর্ব সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের নদীতে অবস্থানরত পর্যটকবাহী দু'টি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে হামলার চেষ্টা করেছে একদল বনদস্যু। তবে বনরক্ষীদের প্রতিরোধ ও গুলির মুখে শেষ পর্যন্ত ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায় দস্যুরা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে ।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান জানান, রাতের দিকে অজ্ঞাতপরিচয় একদল বনদস্যু ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে কটকা নদীতে অবস্থানরত পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে আসছিল। বিষয়টি বুঝতে পেরে কটকার মোহনায় থাকা জেলেরা মোবাইল ফোনে বনরক্ষীদের খবর দেন।
খবর পেয়ে দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন বনরক্ষীরা। এ সময় দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে দস্যুরা ট্রলারের দিক পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।
কটকা নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম বলেন, দস্যুরা জাহাজের দিকে এগিয়ে আসছে—এমন খবর আগেই বনরক্ষীদের কাছ থেকে তারা পেয়েছিলেন। বর্তমানে কটকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরাল সী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।
বনরক্ষীদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলে জানান জাহাজটির মাস্টার। তবে দস্যুদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর পর্যটকদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে বলে সংশ্লিষ্টরা জানায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









