পাবনার চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (মুক্তি) (৫৩) হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শিক্ষক হাজী গোলবার হোসেন সরকারের ছেলে।
চাটমোহর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা পাঁচটার দিকে থানার দোতলায় অবস্থানরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন এসআই আবুল কালাম আজাদ। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটা বিশ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক এই প্রয়াণে পুরো চাটমোহর থানা চত্বর ও পুলিশ ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানানো হয়, মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার রাত ১১টায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









