দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়নে মিশ্র ফল বাগান প্রদর্শনী প্লটে অভাবনীয় সাফল্য পেয়েছেন এক কৃষক। আজ রবিবার সকালে সাসলা পেয়ালা ব্লকের ওই প্রদর্শনী প্লট পরিদর্শন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম। এ সময় সফল কৃষক মিলন আলী উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর ঠাকুরগাঁও-এর বাস্তবায়নে ২০ শতক জমির ওপর এই মিশ্র ফল বাগান প্রদর্শনী গড়ে তোলা হয়েছে। সাইনবোর্ডের তথ্য অনুযায়ী, বাগানটি রোপণ করা হয়েছিল ২০২৩ সালের ১১ আগস্ট। এই মিশ্র বাগানে বিভিন্ন উন্নত জাতের ফলের চারার পাশাপাশি অতিরিক্ত আয়ের উৎস হিসেবে সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, "আমরা কৃষকদের একই জমিতে কম খরচে বেশি লাভবান করার জন্য মিশ্র ফল বাগান পদ্ধতি শেখাচ্ছি। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি ও ফলের চাহিদা মিটছে, অন্যদিকে সাথী ফসল হিসেবে সবজি চাষ করে অতিরিক্ত আয় করা সম্ভব হচ্ছে। কৃষক মিলন আলীর এই প্লটটি এলাকায় একটি চমৎকার মডেল প্লট হতে পারে।"
সফল কৃষক মিলন জানান, কৃষি অফিসের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় তিনি এই বাগানটি তৈরি করেছেন। ফল গাছগুলো বড় হয়ে ওঠার আগপর্যন্ত মাঝের জমিতে শাক-সবজি চাষ করে তা বিক্রি করে তিনি বেশ ভালো লাভ পাচ্ছেন।
এদিকে স্থানীয় কৃষকরা জানান, মিলনের এমন সাফল্যে উৎসাহিত হয়ে তাঁরাও এখন আধুনিক ও লাভজনক এই মিশ্র কৃষিপদ্ধতিতে চাষাবাদ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









