পিরোজপুরের মঠবাড়িয়ায় ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিলন হাওলাদার (৩৫) নামে এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ছোটহারজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই গ্রামের মৃত আনোয়ার হাওলাদারের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিলন হাওলাদার তাঁর বড় মেয়েকে রাস্তায় রেখে স্থানীয় একটি ধানখেতে মাছ শিকারে নামেন। মাছ ধরার একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি অন্ধকারের মধ্যে প্রতিবেশী নুরুল ইসলাম মৃধার ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারা উন্মুক্ত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেলা মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি যত্রতত্র ও ক্ষেতে অবৈধভাবে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ পাতা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









