টাঙ্গাইলের কালিহাতীতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের ওপর ছিনতাইকারীরা হামলা চালিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মিন্টু ও ফারুক নামে দুইজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’— এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটককৃত মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় একটি সংঘবদ্ধ ৪ থেকে ৫ জন ছিনতাইকারী চক্র ট্রাক চালক রাজীবের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
এ সময় রাজীবের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু ও ফারুক নামে দুইজনকে ধরে তাদেরকে পুলিশে সোপর্দ করে এবং ঘটনাস্থলে রাজীব মারা যান।
এ ঘটনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী চক্রের দুইজনকে আটক করা হয় এবং নিহত রাজীবের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা ও ঘটনার প্রৃকত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









