দিনাজপুরের খানসামায় নবযোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে মোট ৩৭ জন নবনিযুক্ত সহকারী শিক্ষকের অংশ নেওয়ার কথা থাকলেও ৩৫ জন শিক্ষক যোগদান করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর আবু সায়েম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুরুল হক মিয়া ও নিত্যানন্দ দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, রমজান আলী স্বাধীন, তুষার কান্তি রায় ও মোহাম্মদ আইনুল ইসলাম।
প্রশিক্ষণে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়, কার্যকর শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষকতা পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









