বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় সড়কের পাশের একটি ক্ষেত থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে রাখে।
মরদেহের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









