কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আয়েশা বেগম (৩৬) ছাদিরকাটা, ৫নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। তিনি জাফর আলমের মেয়ে ও জিয়াউর রহমানের স্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৫টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহ ওরফে কালা বদা (৩০) তার বোন আয়েশা বেগমের সহযোগিতায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশীকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়ালের ভেতরে লুকানো একটি সাদা পলিথিনের প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে রাখা একটি স্পোর্টস ব্যাগের ভেতর থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোট ৭০ হাজার পিস ইয়াবা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
ওসি মনিরুল জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









