ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবরে কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় ইয়াহিয়া খান (২৪) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এদিকে প্রেমিকের বিষপানের খবর শুনে ওই তরুণীও বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইয়াহিয়া খান পীরগঞ্জ উপজেলার কোষারাণীগাঁও এলাকার আব্দুল কালাম আজাদের ছেলে। তিনি পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ থেকে অনার্সে পড়াশোনা করতেন।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ইয়াহিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে ঘাসমারা কীটনাশক পান করেন ইয়াহিয়া। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে দিনাজপুরের একটি হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম জানান, কিছুটা সুস্থ বোধ করায় গত ২৮ সেপ্টেম্বর ইয়াহিয়াকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। ১ অক্টোবর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর বিকেলে তাঁর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে ইয়াহিয়ার বিষপানের বিষয়টি জানতে পেরে তাঁর প্রেমিকাও বিষপান করেছিলেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। তবে নাম পরিচয় জানা যায়নি।
ইয়াহিয়ার মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









