পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া বনাঞ্চলে অভিযান চালিয়ে বনদস্যুদের একটি গোপন আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। এ সময় আস্তানা থেকে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট এবং বিপুল পরিমাণ খাদ্য ও রসদ সামগ্রী জব্দ করা হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে গহীন বনে পায়ে হেঁটে নিয়মিত টহল দেওয়ার সময় বন বিভাগের সদস্যরা এই আস্তানার সন্ধান পান।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল বনরক্ষী নীলবাড়িয়া বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় গহীন বনে গাছের ডালপালা দিয়ে তৈরি একটি অবৈধ আস্তানা দেখতে পান তারা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় অবস্থান করা দস্যুরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।
পরে বনরক্ষীরা আস্তানাটিতে তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট এবং দস্যুদের ফেলে যাওয়া চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও লবণসহ বিভিন্ন রান্নার রসদ সামগ্রী জব্দ করেন। অভিযান শেষে দস্যুদের আস্তানাটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে দস্যুদের তৎপরতা রোধে এবং বন ও বন্যপ্রাণীর নিরাপত্তায় বনরক্ষীরা নিয়মিত অভিযান ও সজাগ দৃষ্টি রেখে চলেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









