চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদ রানা বাবু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের বাচাইয়ের দোকান মোড়ের বটতল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা বাবু রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের হাজী আহমদ হোসেনের বাড়ির মো. কালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, রোববার বিকেলে রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. জান্নাতুন নাঈম রাজন, এসআই সাদ্দাম হোছাইন, এএসআই মো. রবিউল হোসেন ও এএসআই জুয়েল রানার সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম জগন্নাথহাট থেকে ফকিরহাটগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল।
অভিযানকালে অটোরিকশাচালক মাসুদ রানা বাবুকে সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশি করে। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু শেষে সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাউজানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









