ময়মনসিংহের ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলেকে পুলিশে সোপর্দ এবং তাদের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের ধরনীর বাঁশঝাড় এলাকায় সিডষ্টোর-পালগাঁও সড়কের পাশে ‘শান্তিপ্রিয় এলাকাবাসী’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আওলাতলী গ্রামের পারভীন আক্তার ও তার ছেলে পারভেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তারা। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং একপর্যায়ে মা-ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে বক্তারা জানান।
বক্তারা আরও বলেন, ওই ঘটনার পর স্থানীয় ১১ জনের বিরুদ্ধে সিআর মামলা নং-১০৩৮/২৬ দায়ের করা হয়েছে। তাদের দাবি, মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণেই নিরীহ গ্রামবাসীদের আসামি করে মামলাটি করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং আওলাতলী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন, কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার, স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল, হযরত আলী ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সচেতন মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









