ধামরাইয়ের রাজনৈতিক বিষয়ে এবং বিএনপির বিপক্ষে অন্যায়ভাবে কিছু লিখলে সাংবাদিকদের ‘সাংবাদিকতা শিখিয়ে দেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এই হুংকার দেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের আইঙ্গন এলাকায় নিজের মালিকানাধীন কিষান কোল্ড স্টোরেজে সংবাদ সম্মেলনের কথা বলে সাংবাদিকদের ডেকে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তাঁর পাশে ধামরাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষে জড়িত এক পক্ষকে এমপি তমিজ উদ্দিনের অনুসারী এবং অপর পক্ষকে সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান রোমার অনুসারী বলে জানা যায়। ঘটনার পর রমিজুর রহমান রোমা এমপিকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন—এমন বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং রোমাকে প্রধান আসামি করে মামলা করা হয়।
রোববারের সংবাদ সম্মেলনে ওই সংঘর্ষ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি তমিজ উদ্দিন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দেবো। একদম সোজা কথা।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসর হয়ে, কে কারে শেল্টার দিলো—আর দুই হাজার, পাঁচ হাজার টাকা খেয়ে যা খুশি তাই করবেন, এটা ভুলে যেতে হবে।’ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিষ্কার কথা, স্বচ্ছ সুন্দর সংবাদ আপনারা পরিবেশন করেন। আমরা আপনাদের স্যালুট দেবো। সমস্যা থাকলে বলবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করবো। কারণ আপনাদের ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি।’
সংবাদ সম্মেলনের পর এমপির অনুসারী বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









