চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করেছেন সৈয়দপুর প্লাজার ব্যবসায়ীরা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শহরের শেরে বাংলা সড়কে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করেন।
শত শত ব্যবসায়ী সড়কে চেয়ার-টেবিল ও পাটি বিছিয়ে অবস্থান নেওয়ায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলায় মার্কেটের দুটি প্রতিষ্ঠানে তালা কেটে চুরির ঘটনায় মার্কেটের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ইনফিনিক্স মোবাইল শোরুম ও বিদ্যুৎ জুয়েলার্সের ব্যবসায়ীরা জানান, ১৫ সেপ্টেম্বর সকালে দোকানের তালা কেটে চুরি হয়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দাবি আদায় না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









