নাগরিক সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা মাসজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পৌর এলাকায় ড্রেনেজ পরিষ্কার, সড়ক ও ফুটপাত পরিচ্ছন্নকরণ, পয়ঃপ্রণালী নিস্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা সূত্র জানায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ড্রেন ও নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতার ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলমান এসব কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কাজের তদারকি করছেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তদারকিতে থাকা সৈয়দপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মোকসেদ বলেন, সৈয়দপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই নিয়মিত ড্রেন পরিষ্কার ও সড়ক পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিদিন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও ড্রেন ভরে পানি ওঠার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৈয়দপুর বাজার এলাকা ও শহরের ব্যস্ত সড়কগুলো আমাদের বিশেষ নজরদারিতে রয়েছে। সম্প্রীতি শহীদ ডা. জিকরুল হক সড়কের আল-আরাফা ব্যাংক থেকে বিএনপি কার্যালয় পর্যন্ত অংশে ড্রেন ভর্তি হয়ে পানি রাস্তায় উঠে আসে। নাগরিক ভোগান্তি এড়াতে দুপুর থেকে একটানা এবং আবার রাতে পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়েছে।
পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত এক কর্মী বলেন, শহররে প্রধান প্রধান ড্রেনের ভেতরে অনেক জায়গায় দীর্ঘদিনের ময়লা জমে ভরাট হয়েছে। সেগুলো পরিষ্কার করতে কষ্ট হলেও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা দিন-রাত কাজ করছি আমরা।
আরেক পরিচ্ছন্নতা কর্মী জানান, ওই সড়কে পানি রাস্তায় উঠে গেলে আমরা রাত জেগে কাজ করেছি। পানি নামানো ও ড্রেন পরিষ্কার শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করিনি, যাতে রমজান মাসে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে।
পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, ধারাবাহিক তদারকি ও নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শহরের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নাগরিকদের চলাচল স্বাচ্ছন্দময় করা ও শহরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পৌরসভার সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিকল্পিত সৈয়দপুর গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। নাগরিকরা দায়িত্বশীল হলে পৌরসভার উদ্যোগ আরও সফল হবে।
পৌরসভা সূত্রে আরও জানা গেছে, চলমান উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি ও বিবরণ নিয়মিতভাবে প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এতে নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের। সৈয়দপুর বাজারের ব্যবসায়ী জাভেদ, রাজু, দিলশাদসহ স্থানীয়রা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে শহরের অনেক এলাকায় চলাচল সহজ হয়েছে এবং পরিবেশ আগের তুলনায় উন্নত হচ্ছে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









