বান্দরবানের লামায় পাহাড় কেটে ইট তৈরির কাঁচামাল ব্যবহারের দায়ে ১৩টি ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ফাইতং ইউনিয়নের ৩১টি ইটভাটার মধ্যে ১৩টিতে অভিযান চালানো হয়। পাহাড় বা টিলা কেটে মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের বিষয়টি প্রমাণিত হওয়ায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়।
ইউএনও মো. মঈন উদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









