আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক চারটি নতুন বই যুক্ত করা হবে।
পাঠ্যক্রমের যেসব ক্ষেত্রে আরও সংস্কার ও পরিমার্জন প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সরকার গুরুত্ব দিচ্ছে। খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের চার অঞ্চল থেকে বাছাই করা ৪০৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তারা সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল—চারটি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









