ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ সয়াবিন তেল নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটির গতিরোধ করা হয়। পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ওমর ফারুককে (৫৫) আটক করে পুলিশ।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, ‘‘দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।’’
তিনি আরও জানান, জব্দ করা তেল ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









