লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে এক আইনজীবীর বাড়িতে ভেকু মেশিন দিয়ে ভাঙচুর, তাকে মারধর এবং তার স্ত্রীকে মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী মো. হুমায়ুন কবির।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শহরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। হুমায়ুন কবির লালমনিরহাট জজ কোর্টের অ্যাডভোকেট।
লিখিত বক্তব্যে তিনি জানান, লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট-খোচাবাড়ী এলাকায় তার পৈতৃক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে লালমনিরহাট আদালতে ল্যান্ড সার্ভে ৬২২/২১ মামলা চলমান। মামলা তুলে নিতে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
হুমায়ুন কবিরের অভিযোগ, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতে থাকা অবস্থায় অভিযুক্তরা ভেকু মেশিন নিয়ে তার বাড়িতে গিয়ে দক্ষিণ পাশের গ্রিলের গেট ও প্রায় ২০ গজ ইটের প্রাচীর ভেঙে ফেলেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে বাড়িতে গিয়ে ভাঙচুরের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। এ সময় লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তা ঠেকাতে গিয়ে দুই হাতের আঙুলে জখম হন বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের কয়েকজন তাকে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী রাজিয়া সুলতানাকেও মারধর করা হয়। পরে একটি কক্ষে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাকে মারধর করে গলায় থাকা প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। আহত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবারই লালমনিরহাট সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে এজাহার করেন তিনি।
অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









