ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামের এক যুবককে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে অন্তরের দোতলার ঘরে যান। সেখানে মাদক সংক্রান্ত বিষয়ের জেরে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে অন্তর তার কাছে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, সংঘাতের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো চাকুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









