যশোরের চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি রবিউল ইসলাম (৬৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে প্রতিবেশী বাদল মণ্ডলের বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম ওই গ্রামের মৃত হানেফ আলী মণ্ডলের ছেলে। তিনি ছেলে তরিকুল ইসলাম (২৫) হত্যা মামলার আসামি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বাড়িতে কাজ না করাকে কেন্দ্র করে তরিকুলকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন রবিউল। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় রবিউলের ভাই আশাদুল ইসলাম চৌগাছা থানায় হত্যা মামলা করেন। পরে কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন রবিউল।
স্থানীয়রা জানান, জামিনে মুক্তির পর বাড়িতে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ছিল না। তিনি অনেকটা একাকী জীবনযাপন করছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









