ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, এসব ঘটনায় মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদ্রাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









