ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর তথ্য সংগ্রহের পর ‘লাইভ ভেরিফিকেশন’ ছবি তোলার কৌশলে তার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই যুবক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে আসে। নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয় দিয়ে তারা রোশনা ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
একপর্যায়ে ‘লাইভ ভেরিফিকেশন’-এর জন্য মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকাতে বলেন তারা। রোশনা ক্যামেরার দিকে তাকানোর সময় এক যুবক তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে নিয়ে যায়। এরপর দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। এ ধরনের ঘটনায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









