মৌলভীবাজারের বড়লেখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫০০ নারী-পুরুষ চিকিৎসাসেবা পেয়েছেন। এর মধ্যে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এছাড়া ছানি আক্রান্ত ৪৮ জনকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারে বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরামের কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমদের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ইস্পাহানি ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়ার চিকিৎসকেরা ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করেন। পরে প্রয়োজনীয় চিকিৎসা, প্রেসক্রিপশন ও পরামর্শ দেওয়া হয়। চোখ পরীক্ষা শেষে ছানি আক্রান্ত ৪৮ জনকে অস্ত্রোপচারের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
আয়োজকরা জানান, নির্বাচিত রোগীদের হাসপাতালে নেওয়া, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় খরচ বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরাম বহন করবে।
ফয়সাল আহমদ বলেন, অর্থের অভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও প্রায় দুই বছর আগে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
চক্ষু ক্যাম্পে বর্ণি ইউনিয়ন উন্নয়ন ফোরামের আহ্বায়ক কামাল উদ্দিন, কামরান আহমদ, তারেক আহমদ, আবুল কালাম কিবরিয়া, আহমেদুল হাসান, মাজহারুল, জাবির আহমদ, ইমন আহমদ ও জুবের আহমদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









