পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরাজীর্ণ ও বেহাল প্রবেশপথের গর্তগুলো সাময়িকভাবে ভরাট করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বর্ষা মৌসুম শেষে সড়কটির স্থায়ী সংস্কারকাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘দৈনিক এদিন’ পত্রিকায় "রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অসুস্থ রাস্তা" শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, সেপ্টেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা সভায় সদর হাসপাতালের সড়কের দুরবস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হলে তাঁরা সড়কটি পরিদর্শনপূর্বক জরুরি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে রাস্তার বড় বড় গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।
এদিকে রাঙামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) প্রবীর দাশ জানান, আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল রোড সংস্কারের জন্য নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী শুধু হাসপাতাল সড়ক নয়, আরও দুটি সড়কসহ মোট তিনটি সড়ককে একটি প্যাকেজে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ দ্রুত একটি টিম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।
তিনি আরও বলেন, কোনো কারণে ওই প্রকল্পের মাধ্যমে কাজ না হলেও পৌর প্রশাসকের কড়া নির্দেশনা রয়েছে—পৌরসভার নিজস্ব তহবিল কিংবা এডিপির ফান্ড থেকে হলেও দ্রুত সড়কটি মেরামত করা হবে। বিশেষ করে বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই সড়কটির পূর্ণাঙ্গ ও স্থায়ী সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









