পুলিশের হাত থেকে বাঁচতে সড়ক ছেড়ে ধানখেতের ভেতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি আমিরুল ইসলামের। দীর্ঘক্ষণ ধাওয়া করে শেষ পর্যন্ত ধানখেতের মধ্য থেকেই তাকে আটক করেছে পাবনা সদর থানার ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক আমিরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাচিপাড়া এলাকায় অভিযান চালাচ্ছিল সদর থানার বিশেষ সিআরটি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ারেন্টভুক্ত আমিরুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রথমে সড়ক দিয়ে দৌড়ালেও পরে ধানখেতের ভেতরে ঢুকে পড়েন তিনি।
পুলিশ সদস্যরাও তার পিছু নেন। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করার পর ধানখেতের মধ্যেই তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা সদর থানার এএসআই গোলাম মোস্তফা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধানখেতের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আমিরুলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









