কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা হানিফকে তার নিজ কক্ষের খাটের ওপর গলায় রশি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে হানিফকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের গলায় রশির দাগ রয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ প্রেমঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, উখিয়ার চাকবৈঠা গ্রামের নিজ বাড়ি থেকে কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









