নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাহাঙ্গীর আলম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অফিস সহায়ক হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন স্থানীয় মো. জাহাঙ্গীর আলম।
গত রবিবার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করার সময় অভিযুক্ত জাহাঙ্গীর পেছন থেকে এসে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান। এ সময় ভুক্তভোগী নারী বাধা দিলে তিনি দ্রুত দোকান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে জাহাঙ্গীর আলম তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা মামলা হিসেবে রেকর্ড করে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









