জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে উইন সেরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে বিজিবি এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৩৫) এবং কুটাহাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান (৩২)।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তিনটি বিশেষ টহলদল (এসআরবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ৬ বোতল উইন সেরেক্স সিরাপ ও ১ হাজার ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক দুই আসামি এবং জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









