ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে স্থাপিত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আব্দুর রহমান সম্রাট (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাঞ্চননগর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা চত্বরের সাদা রঙের ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে ঝোলানো জুতার মালা দেখতে পান। পরে এর ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা ভাস্কর্য থেকে জুতার মালাটি সরিয়ে নেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ঘটনার পর জেলা পুলিশের একাধিক দল ও গোয়েন্দা শাখা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সম্রাটকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাই এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গ্রেপ্তার সম্রাট দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিক সমস্যায় ভুগছেন।
২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সংযোগস্থলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরটি উদ্বোধন করা হয়।
উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই দফায় ভাস্কর্যটি ভাঙচুর করা হয়। সর্বশেষ গত ১৩ থেকে ১৭ জুলাই চত্বর ও ভাস্কর্য ভাঙার কাজ চললেও কার নির্দেশে এবং কী কারণে তা করা হচ্ছে, সে বিষয়ে প্রশাসন, পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ১৮ জুলাই থেকে ভাঙার কাজ স্থগিত করে জেলা প্রশাসন। সম্প্রতি সেখানে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ মেরামতের কাজ চলছে’ লেখা দুটি ব্যানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে টানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









