কিশোরগঞ্জে মানবিক সহায়তা নিয়ে সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মধ্যে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সংবাদপত্র ফেরি করার মাধ্যমে হকাররা মানুষের জ্ঞান অর্জনের পথ সুগম করেন। ডিজিটাল প্রযুক্তির যুগে অনলাইনে খবর পড়ার প্রবণতা বাড়লেও ছাপা সংবাদপত্রের ওপর মানুষের নির্ভরতা রয়েছে। জেলার মানুষের জন্য সহযোগিতামূলক কিছু করতে পারা এবং একজন মানুষও উপকৃত হওয়াকে নিজের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রবিন মিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
পেশাগত সংকটের সময়ে সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংবাদপত্র হকাররা। তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









