চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম আড়তদার সমিতি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তার গাড়িতে পাথর নিক্ষেপ করা হলে সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়া (শান্তিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করাকে কেন্দ্র করে আম ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা ছিল। মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন অভিযোগ করেন, কেডিসিপাড়া এলাকাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। মঙ্গলবার রাতে মাদকবিরোধী কার্যক্রমের সময় যুবদল নেতা আবদুল্লাহর লোকজন তাদের সদস্যদের ওপর হামলা চালান বলেও তিনি দাবি করেন।
ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, দুই পক্ষের বিরোধের কারণে দিনভর এলাকায় উত্তেজনা ছিল। রাতে পরিস্থিতি দেখতে গেলে এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়। পরে আহত একজনকে হাসপাতালে নেওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালেও উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ ও সরকারি গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









