জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বগাবাইদ বোর্ডঘরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রতন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রশিক্ষণের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থা, জামালপুরের সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী, সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবক-যুবতী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাক তৈরির মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবক-যুবতীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে একজন প্রশিক্ষণার্থী নিজ উদ্যোগে ছোট পরিসরে পোশাক তৈরির কাজ শুরু করতে পারেন। পরবর্তীতে সেটিকে ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগও রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের পোশাক তৈরির মৌলিক ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
পরে অতিথিদের উপস্থিতিতে ২১ দিনমেয়াদি মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা কামনা করেন এবং প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জামালপুরের যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









