আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েত কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাশ প্রশাদ সোনার ও সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র সিংহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার পার্বতীপুর উপজেলায় ১৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং রাত ১২টার পর স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের জন্য পৃথক বহির্গমন ব্যবস্থাও রাখতে হবে।
ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। মণ্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি ও এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল থাকবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি। আগামী ১২ অক্টোবর প্রতিটি মণ্ডপে বরাদ্দের চাল বিতরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









