মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংকের আমানত লোপাটের ঘটনায় এবার দুদকের জালে ধরা পরেছে শাখাটির সাবেক দুই ম্যানেজার সহ ৫ কর্মকর্তা ও কর্মচারী।
বুধবার (৭ অক্টোবর) বিকালে ব্যাংকের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানা পুলিশ জানায়, ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় দুদকের একটি টিম ব্যাংক শ্রীনগর শাখায় বুধবার দিনভর তদন্ত চালান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ওই ৫ ব্যাংক কর্মকর্তা-কর্মচরীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার সদ্য বিদায়ী ম্যানেজার শরীফউদ্দিন (৩৯), রেজাউল হক(৪২) সাবেক ক্যাশ অফিসার জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি সিকিউরিটি গার্ড রঞ্জু আহমেদ (৩০) ও গার্ড আব্দুল হাই (৪২)। এর আগে শ্রীনগর থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গত ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে শাখাটির পলাতক ক্যাশ অফিসার শরীফুজ্জামানকে।
গত ২২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখায় গ্রাহকের আমানত লোপাটের বিষয়টি ধরা পরে। এর দুদিন আগে থেকেই ক্যাশ অফিসার শরীফুজ্জামান পলাতক ছিলেন। একে একে এই পর্যন্ত ২৩০ জন গ্রাহকের আমানত লোপাটের খবর পাওয়া গেছে। টাকার আংকে এর পরিমান প্রায় ১৫ কোটি টাকার উপরে। ব্যাংকটিতে গ্রহক সংখ্যা ১০ হাজারের উপরে। এখনো সব একাউন্ট চেক করা সম্ভব হয়নি।
গ্রাহকদের লোপাট হওয়া টাকার পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। বর্তমানে ওই অডিট কার্যক্রম চলমান রয়েছে।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হওয়ায় দুদক বিষয়টি তদন্ত করছে।
প্রতিদিনই ক্ষতিগ্রস্থ গ্রাহকরা ব্যাংকটির সামনে তাদের অর্থ ফেরত পাওয়ার দাবীতে সভা সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচী পালন করে যাচ্ছে।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এবং আত্মসাতের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা মেলায় শ্রীনগর থানা পুলিশের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। গ্রাহকদের খোয়া যাওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নিরীক্ষা ও আইনি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









