নাটোরের লালপুরে ধান শুকানোর খোলায় মাদক সেবন করতে নিষেধ করায় যুবদল নেতার নেতৃত্বে ডা. মমতাজুল ইসলাম শিমুলের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে লালপুর ছয়রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার পরে ডা. শিমুলের ছোট ভাই সোহাগ তাদের ধানের খোলায় কয়েকজনকে আড্ডা দিতে দেখেন। এ সময় তারা মাদক সেবন করছেন। তাদের দিকে টর্চ লাইট ধরাকে কেন্দ্র করে সেখানে কথা-কাটাকাটি হয়।
এই ঘটনার জেরে কিছুক্ষণ পর লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনের নেতৃত্বে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিমুলের বাড়িতে গিয়ে একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।
এ বিষয়ে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন বলেন, বিয়ের দাওয়াত খেয়ে এসে খোলায় বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় শিমুল ডাক্তারের ভাই সোহাগ চোখে লাইট মারে, তাকে নিষেধ করলে এনিয়ে কথা কাটাকাটি হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









