রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও তার ব্যক্তিগত সহকারীকে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনায় দায়ের করা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (৯ অক্টোবর) মধ্যরাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলী আকবর হোসাইন (৩০) ও মো. দেলোয়ার হোসেন (৫৫)।
আলী আকবর হোসাইন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আ. হান্নান। অপরদিকে দেলোয়ার হোসেন বহরমপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলীমুদ্দীন শেখ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজীউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ঘটনায় রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু প্রাথমিক অবস্থায় আমার জানা নেই।”
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাজশাহী জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জেলা প্রশাসনের এ পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির কক্ষের তালা খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,“ভিসি স্যারের কক্ষে যে তালা মারা হয়েছিল তা খোলা হয়েছে। রাতে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় রাজশাহীতে আসবেন। তিনি পরিদর্শন করবেন। তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেঅনুযায়ী আমরা অফিস করবো।”
এর আগে সকালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন জামায়াত, ছাত্রদল ও উলামা দলের নেতৃবৃন্দ। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









