পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার শিবপুর গ্রামে চায়ের দোকানে কলারুটি গলায় আটকে আব্দুল মমিন জোয়ারদার (৬০) নামে এক ছিন্নমূল বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবপুর গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন জোয়ারদার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত চেনির উদ্দিন জোয়ারদারের ছেলে। তার মায়ের নাম মৃত আনোয়ারা বেগম।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আব্দুল মমিন দীর্ঘ কয়েক বছর ধরে শিবপুর ও আশপাশের এলাকায় ছিন্নমূল অবস্থায় বসবাস করছিলেন। তিনি অনেকটা ভবঘুরে জীবনযাপন করতেন এবং স্থানীয়দের কাছ থেকে চেয়ে-চিন্তে পাওয়া খাবার খেয়ে দিন কাটাতেন। বুধবার রাতে শিবপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে কলারুটি খাওয়ার সময় হঠাৎ সেটি তার গলায় আটকে যায়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘‘শিবপুর গ্রামে কলারুটি গলায় আটকে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিন্নমূল অবস্থায় বসবাস করতেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ নিহতের মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









