হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিজ মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কান্তি পাল, সাধারণ সম্পাদক লিটন রায়, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্রাচার্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিশ চন্দ্র দেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মাধবপুর উপজেলার ১১৫টি পুজামন্ডপের পুজা উদযাপন কমিটির প্রতিনিধিরাও অংশ নেন। দূর্গাপুজাকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুজামন্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মন্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দূর্গাপুজা উদযাপন করে আসছেন। এ বছরও তারা দূর্গাপুজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
তিনি বলেন, পুজা যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিকভাবে সক্রিয় থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। পুজামন্ডব ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সতর্ক থাকবে।
সভায় পুজা উদযাপন কমিটির নেতারা নিজ নিজ মন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









